বগুড়ায় প্রতারণা মামলায় অতিরিক্ত ডিআইজি কারাগারে
বগুড়ায় প্রতারণার মামলায় পুলিশের সদ্য বরখাস্ত হওয়া অতিরিক্ত ডিআইজি হামিদুল হক মিলনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্র জানায়, ২০১৮ সালে বগুড়া শহরের এসপি অফিসের পেছনে ৯ শতক জায়গায় ভবন নির্মাণ করে ফ্লাট দেয়ার কথা বলে ছয় ব্যক্তির কাছ থেকে নগদ টাকা নেয় অতিরিক্ত ডিআইজি হামিদুলের ঠিকাদারি প্রতিষ্ঠান মেধা টাওয়ার৷ চুক্তি অনুযায়ী সেখানে দশ তালা ভবনও গড়ে তোলে পুলিশ কর্মকর্তার ঠিকাদারি প্রতিষ্ঠানটি। তবে জমির মালিক ওই ছয় ব্যক্তিকে তাদের পাওনা অনুযায়ী ভবনের ফ্লাট বুঝে দিতে তালবাহানা শুরু করেন অতিরিক্ত ডিআইজি হামিদুল। একপর্যায়ে প্রতারণার ব্যাপারটি টের পেয়ে গত বছরের ২১ আগস্ট ডিআইজি হামিদুলের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন জাহেদুর রহমান তোফা নামের এক ভুক্তভোগী। ওই মামলায় আদালতে হাজির হলে বিচারক পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তাকে কারাগারে পাঠায়। বগুড়া কোর্ট পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম জানান, বিচারকের নির্দেশে সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল হক মিলনকে কারাগারে পাঠানো হয়েছে। প্রতারণার একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।